৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা থেকে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সিদ্ধান্ত নেয়া হয়। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে এডিএন টেলিকমের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৬৪ পয়সায়।

এদিকে কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) বেলা ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এডিএন টেলিকম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৭ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৭ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫ টাকা ৯৭ পয়সা। 

সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫০ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৫ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২৫ টাকা ২৭ পয়সা। ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল এডিএন টেলিকম। 

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকমের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭২ কোটি ১৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬।