ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানির কারখানার ব্যালান্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন (বিএমআরই) করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও স্কয়ার টেক্সটাইলস লিমিটেড। এরই মধ্যে কোম্পানি দুটির পর্ষদ এ সিদ্ধান্তে অনুমোদনও দিয়েছে। গতকাল অনুষ্ঠিত স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি এ অনুমোদন নেয়া হয়। পৃথক মূল্য সংবেদনশীল তথ্যে এ সিদ্ধান্ত জানিয়েছে কোম্পানি দুটি।
তথ্য অনুসারে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস বিএমআরই প্রকল্পে এবং ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য যন্ত্রপাতি ও জমি কিনতে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে। আর স্কয়ার টেক্সটাইলস বিএমআরই প্রকল্পে ৩৮ কোটি টাকা বিনিয়োগ করবে।
২০২১-২২ হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সম্বনিত ইপিএস হয়েছে ২০ টাকা ৫১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৯৯ পয়সা। আলোচ্য হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পনিটি পর্ষদ। অন্যদিকে, ২০২১-২২ হিসাব বছরে স্কয়ার টেক্সটাইলসে সমন্বিত ইপিএস হয়েছে ৯ টাকা ৯৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৪১ পয়সা। আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে
কোম্পানিটির পর্ষদ।










