বাংলালিংক গ্রাহকদের আরো পাঁচ বছর টেলিকম অপারেটরের গ্রাহক অভিজ্ঞতা সেবা প্রদান করার সিদ্ধান্ত
নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্ষদ। এজন্য বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করবে কোম্পানিটি। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি।
তথ্য অনুসারে, ২০১৭ সাল থেকে বাংলালিংক গ্রাহকদের গ্রাহক অভিজ্ঞতা সেবা প্রদান করে আসছে কোম্পানিটি। বাংলালিংকের সঙ্গে এ সেবার মেয়াদ আরো পাঁচ বছরের জন্য বাড়াতে চুক্তি করবে কোম্পানিটি। এখান থেকে কোম্পানিটির প্রতি বছর ১২ কোটি টাকা আয় হবে বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জেনেক্স ইনফোসিসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭৯ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত ইপিএস বেড়েছে ৪৭ পয়সা বা ১৬ দশমিক ৮৫ শতাংশ। অন্যদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত ইপিএস হয়েছে ৬৯ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ১ টাকা ৬ পয়সা।










