ডলারের অবনমনে অব্যাহত বাড়ছে তামার দর। গতকাল লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ধাতুটির দাম গত পাঁচ বছরের সর্বোচ্চে ওঠার পথে ছিল। মূলত ডলারের অবনমন ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) বন্ডের সুদহার কমানোয় তামার বাজারে এ উল্লম্ফন দেখা দিয়েছে। খবর রয়টার্স।

এলএমইতে তিন মাস সরবরাহ চুক্তিতে গতকাল শিল্প ধাতুটি বিক্রি হয়েছে টনপ্রতি ৮ হাজার ৬৮৭ ডলার ৫০ সেন্ট। গত ১ আগস্টের পর এটিই ধাতুটির সর্বোচ্চ দাম। ওই সময় প্রতি টন তামার দাম উঠেছিল ৮ হাজার ৭১৫ ডলারে।

সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) সর্বাধিক লেনদেন হওয়া ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে গতকাল তামার দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। টনপ্রতি লেনদেন হয়েছে ৯ হাজার ৭৪৩ ডলার ৮ সেন্টে বা ৬৯ হাজার ৩৬০ ইউয়ানে। গতকাল এসএইচএফই লেনদেনের শুরুতে ধাতুটির দাম ৬৯ হাজার ৮৭০ ইউয়ান পর্যন্ত উঠেছিল, যা গত ১ আগস্টের পর সর্বোচ্চ।

এদিকে তথ্য বলছে, এ বছর উভয় বাজার আদর্শেই ধাতুটির বার্ষিক গড় দাম বৃদ্ধির পথে। ডলার পাঁচ মাসের সর্বনিম্নে নেমেছে। দুই বছরের সর্বোচ্চে ওঠার পরে মুদ্রাটি এখন বার্ষিক পতনের মুখে। নতুন বছর ফেড সুদহার কমাতে শুরু করতে পারে বিশ্লেষকদের এমন প্রত্যাশা বাজারে ডলারের অবমূল্যায়ন ঘটিয়েছে। অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের অবনমন ঘটলে ভিন্ন মুদ্রার গ্রাহকের জন্য তামাসহ ডলারে লেনদেন হওয়া পণ্যের ক্রয়মূল্য কমে আসে। এতে চাহিদা বেড়ে বাজার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।

অন্যদিকে এলএমইতে গতকাল অ্যালুমিনিয়ামের দাম অপরিবর্তিত ছিল। টনপ্রতি ধাতুটি লেনদেন হয়েছে ২ হাজার ৩৮৮ ডলারে। টনপ্রতি ২ হাজার ৬৪১ ডলার ৫০ সেন্টে অপরিবর্তিত ছিল দস্তার দামও। তবে বেড়েছে সিসার দাম। দশমিক ২ শতাংশ বড়ে ধাতুটির মূল্য স্থির হয়েছে ২ হাজার ৯১ ডলারে। আর কমেছে নিকেল ও টিনের দাম। প্রতি টন নিকেলের দাম দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৮০ ডলারে এবং দশমিক ৪ শতাংশ কমে টিনের মূল্য নেমেছে ২৫ হাজার ৫৫০ ডলারে।