গুচির বিক্রি বাড়ানোর পরিকল্পনা করছে কেরিং। এরই ধারাবাহিকতায় চীনের ওপর মনোযোগ বাড়ানোর কথা ভাবছে ফরাসি বিলাসবহুল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
চলতি বছর নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় চীনে কভিডজনিত বিধিনিষেধ আরোপ করা হয়। তবে সম্প্রতি বিধিনিষেধ শিথিল হতে শুরু করেছে। বিনিয়োগকারীরা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন চীনের বাজারকে। ২০২৫ সালের মধ্যে বিলাসী খাতের বৃহত্তম বাজারে পরিণত হতে পারে চীন।
গুচির চীনা কার্যক্রম পরিচালনা করতে সাবেক টিফানি কর্মকর্তা লরেন্ট ক্যাথালাকে নিয়োগ দিয়েছে কেরিং। গ্রুপটির অর্ধেকেরও বেশি আয় আসে এ খাত থেকে। বিশ্লেষকরা বলছেন, বাজার ও বিজ্ঞাপনী কার্যক্রম নিয়ন্ত্রণের ভারও দেয়া হতে পারে লরেন্ট ক্যাথালার ওপর।
এ বিষয়ে সাংহাইয়ের বিলাসী ব্র্যান্ডের পরামর্শক লিফ গ্রিনার জানান, চীনে ব্যবসা সম্প্রসারণ করতে দেশের ভোক্তা ও সংস্কৃতিকে বোঝা অপরিহার্য। সাংস্কৃতিক সম্পর্ক তৈরি করতে ব্র্যান্ডগুলো যথেষ্ট মনোযোগ দেয়নি। যত দ্রুত সম্ভব এটা শুরু করা প্রয়োজন। তারকাদের দিয়ে বিজ্ঞাপনী কাজ করিয়ে পণ্য বিক্রি করার যুগ এখন আর নেই। এ বিষয়ে কোনো মন্তব্য প্রকাশ করতে অসম্মতি জানিয়েছে কেরিং।










