চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ইয়াকিন পলিমার লিমিটেডের লোকসান বেড়েছে দ্বিগুণ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইয়াকিন পলিমারের শেয়ারপ্রাতি লোকসান হয়েছে ২৮ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে দ্বিগুণ। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫ টাকা ৮৮ পয়সায়।
লোকসানের কারণে ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি ইয়াকিন পলিমারের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭১ পয়সা। এর আগের হিসাব বছরে কোম্পানিটির এ লোকসান ছিল ৫৫ পয়সা।










