চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পূর্বাভাসের চেয়ে বেশি আয় করেছে স্পোর্টস ব্র্যান্ড পুমা। এ সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা ছিল প্রায় ২৩ কোটি ৬০ লাখ ইউরো। যদিও পূর্বাভাস দেয়া হয়েছিল ২২ কোটি ৮৮ লাখ ইউরোর। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
মুনাফার খবর প্রকাশের পরই ফ্রাংকফুর্ট স্টক এক্সচেঞ্জে পুমার শেয়ার মূল্য ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আর্ন ফ্রয়ন্ডট পূর্ব ইউরোপে, লাতিন আমেরিকা ও চীনে স্নিকার জুতার বাজারে শক্তিশালী চাহিদার বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন।
চলতি মাসের শুরুতে পুমার শেয়ারদর ১০ শতাংশেরও বেশি কমেছিল, ফলে তখন কোম্পানির আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় তৈরি হয়। তবে তৃতীয় প্রান্তিকের ইতিবাচক আয় বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমাতে সহায়তা করেছে।
যদিও পুমার তৃতীয় প্রান্তিকের বিক্রয় প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি ছিল। তবে বর্তমানে ভূরাজনৈতিক ও সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ শঙ্কা তৈরি করেছে। এসবের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে সংঘাত, উচ্চ মূল্যস্ফীতি চাপ ও মন্দার সম্ভাবনা ভোক্তা চাহিদাকে প্রভাবিত করছে। যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটি প্রতিবন্ধকতা মোকাবেলায় ফুটবল, বাস্কেটবল ও রানিং গিয়ারসহ উচ্চমূল্যের স্পোর্টসওয়্যারের দিকে মনোনিবেশ করছে। সেক্ষেত্রে অ্যাডিডাস ও নাইকির মতো বড় প্রতিযোগীদের পাশাপাশি অন হোল্ডিং এবং হোকার মতো উদীয়মান ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে।










