ইন্দোনেশিয়ার অর্থনীতি তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দুই বছরের সবচেয়ে ধীরগতিতে বেড়েছে। রফতানি কমে যাওয়ায় প্রবৃদ্ধিতে এমন নেতিবাচক প্রবণতা দেখা গেছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

একটি সমীক্ষা অনুযায়ী, দেশটির বছরওয়ারি ৪ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাসের চেয়ে কম ছিল।

যদিও কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর প্রধান আমালিয়া অডিনিঙ্গার বিদ্যাশান্তি বলেন, ‘‌এ পরিসংখ্যান বিশ্বব্যাপী গড়ের তুলনায় ভালো।’

গতকাল এক সংবাদ সম্মেলনে বিদ্যাশান্তি আরো বলেন, ‘‌মন্থর  বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও প্রধান পণ্যের মূল্যহ্রাসের মধ্যে ইন্দোনেশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির ৪ দশমিক ৯৪ শতাংশ প্রতিফলিত হয়েছে।’

কয়লা ও পাম অয়েলসহ অন্যান্য পণ্যের চাহিদা কমায় দেশটির রফতানি ৪ দশমিক ২৬ শতাংশ সংকুচিত হয়েছে, যা ২০২০ সালে শেষের পর সবচেয়ে বড় পতন। এছাড়া বিদেশী চালান গত সাত মাসের ছয়টিতেই সংকুচিত হয়েছে।

ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক গত মাসে সুদহার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে ৬ শতাংশ করেছে। ক্রমবর্ধমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে রুপিয়ার বিনিময় হার ধরে রাখতে যা ছিল অপ্রত্যাশিত পদক্ষেপ।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়া তার মোট প্রয়োজনের অর্ধেক পেট্রোলিয়াম আমদানি করে। ফলে ডলারের বিপরীতে দেশটির দুর্বল মুদ্রা সরকারকে জ্বালানির দাম বাড়াতে বাধ্য করতে পারে।