সফটওয়্যার ইউনিটে ২ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন। তবে ছাঁটাইয়ের পরিকল্পনাকে প্রতিষ্ঠানটির বহুল প্রতীক্ষিত নতুন সফটওয়্যার আর্কিটেকচার প্রকল্পের উন্মোচনকে আরো বিলম্বিত করতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।
ফক্সওয়াগনের পরিচালনা পর্ষদের সদস্যরা চলতি সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে একমত হন। ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রক্রিয়া চলতে পারে বলে জানিয়েছেন গ্রুপের শীর্ষস্থানীয় পরিচালকরা। নতুন সফ্টওয়্যার আর্কিটেকচার প্রকল্পটি ১.২ নামে পরিচিত। এটি ব্যবহার করা হবে অডি কিউ ৬ ইট্রন এবং পোর্শে ম্যাকানের গাড়িতে।
কর্মী ছাটাইয়ের পরিকল্পনাটির জন্য ওয়ার্কস কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। তারা এরইমধ্যে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত কর্মীদের জন্য কর্মসংস্থানের নিশ্চয়তা নিয়ে আলোচনা করছে। ফক্সওয়াগন ওয়ার্কস কাউন্সিলের মুখপাত্র উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা কর্মী ছাটাইয়ের এ পদ্ধতির সঙ্গে একমত না। প্রতিষ্ঠানের কোন পর্যায় থেকে কর্মীদের ছাঁটাই করা হবে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত দেয়া হয়নি।’
এর আগে চলতি বছরের মার্চে কানাডায় নতুন ব্যাটারি উৎপাদন কেন্দ্র স্থাপনের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। অন্টারিওর সেন্ট থমাসে উত্তর আমেরিকার প্রথম ব্যাটারি উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে বলে জানানো হয়েছে। ২০২৭ সাল নাগাদ উৎপাদন শুরু হবে বলেও জানানো হয়।










