কোমল পানীয় সরবরাহকারী হিসেবে প্রতিদ্বন্দ্বী পেপসিকোকে বেছে নেয়ার পর ইউরোপীয় সিনেমা চেইন ভিউয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে কোকা-কোলা। খবর দ্য গার্ডিয়ান।
ইউরোপের সবচেয়ে বড় ব্যক্তিমালিকানাধীন সিনেমা প্রদর্শক প্রতিষ্ঠান ভিউ। আটটি দেশে তাদের মোট ২২২টি আউটলেট রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডজুড়ে ৯০টির বেশি সিনেমা হল পরিচালনা করে কোম্পানিটি।
গত বছরের মার্চে কোমল পানীয় সরবরাহের চুক্তির জন্য নতুন করে টেন্ডার উন্মুক্ত করে ভিউ। এতে একচেটিয়াভাবে সরবরাহকারী হিসেবে নির্বাচিত হয় পেপসিকো। এ চুক্তি কমপক্ষে ২০৩০ সাল পর্যন্ত কার্যকর থাকবে। পেপসিকোর সঙ্গে চুক্তির মধ্য দিয়ে ভিউ ও কোকা-কোলার মধ্যকার প্রায় ২৫ বছরের অংশীদারত্বের অবসান ঘটে।
চুক্তি বাতিলের সময় বকেয়া থাকা অর্থ আদায়ের দাবিতে গত সপ্তাহে ভিউ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় কোকা-কোলা ইউরোপ্যাসিফিক পার্টনার্স গ্রেট ব্রিটেন (সিসিইপি)। তবে এও জানা যাচ্ছে, কোকা-কোলার কাছেও ভিউর কিছু অর্থ পাওনা রয়েছে। সে বিষয়ে সিনেমা চেইনটি কোনো আইনি পদক্ষেপ নেয়নি।
আলাপের মাধ্যমে কোকা-কোলা বিরোধ মিটিয়ে নিতে পারত বলে জানিয়েছেন ভিউয়ের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা টিম রিচার্ডস। তিনি বলেন, ‘২৫ বছর একসঙ্গে কাজ করার পর এত ছোট একটা বিষয়ে আইনজীবীর কাছে না গিয়ে শুধু আমাকে ফোন করলেই মিটে যেতে পারত।’
বিষয়টি নিয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি কোকা-কোলা।
ভিউ জানিয়েছে, আইনি আবেদন দাখিল হলেও উভয় পক্ষের বকেয়া অর্থসংক্রান্ত বিরোধ এরই মধ্যে মীমাংসা হয়ে গেছে। টিম রিচার্ডস বলেন, ‘বর্তমানে কোনো বকেয়া নেই এবং যে অর্থ নিয়ে বিরোধ ছিল, তা ছিল ১ লাখ পাউন্ডেরও কম।’
ভিউয়ের সঙ্গে চুক্তি বাতিল কোকা-কোলার জন্য একটি বড় ধাক্কা। কারণ সিনেমা চেইনটির প্রতিদ্বন্দ্বী সিনেওয়ার্ল্ডও ২০২০ সালে কোকা-কোলা ছেড়ে পেপসিকোকে কোমল পানীয় সরবরাহকারী হিসেবে বেছে নেয়।










