সরবরাহকারীদের থেকে ক্রয়াদেশ বাতিল করছে টার্গেট। বিশেষ করে গৃহসামগ্রী ও পোশাকের ক্রয়াদেশ স্থগিত করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ছুটির মৌসুমের আগেই সব ধরনের মজুদ পণ্য বিক্রির জন্য পণ্যের দাম কমাচ্ছে টার্গেট। খবর এপি।

কভিড-১৯ মহামারীর প্রকোপ কিছুটা শিথিল হয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় মার্কিন নাগরিকদের ব্যয়ের ধরনেও এসেছে পরিবর্তন। বর্তমানে গৃহসজ্জার জন্য অর্থ ব্যয় না করে বরং ভ্রমণ বা রেস্তোরাঁয় নৈশভোজনে ব্যয় করছেন তারা। এর মাধ্যমে মহামারীপূর্ব রুটিনে ফিরে যাচ্ছেন ভোক্তারা। এমন পরিস্থিতিতেই গৃহসামগ্রী ও পোশাকের ক্রয়াদেশ স্থগিত করেছে টার্গেট।

গত মাসে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে টার্গেট। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় মুনাফা ৫২ শতাংশ কমেছে। এর মধ্যে বড় আকারের টেলিভিশনের বিক্রি ছিল নিম্নমুখী।

এদিকে মজুদকৃত পণ্য তুলনামূলক কম মূল্যে বিক্রি করে বাজারে ভোক্তা চাহিদা আছে এমন পণ্য মজুদের পরিকল্পনা করছে টার্গেট।

এর মধ্যে শ্রমবাজারে সংকট বিদ্যমান। পাশাপাশি যুদ্ধের ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। ফলে পরিবহন ও শিপিং ব্যয় বাড়ায় নতুন চ্যালেঞ্জের সম্মুখীন প্রতিষ্ঠানটি।