চীনের প্রধান কারখানাগুলোয় দৈনিক অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে। মূলত অর্থনীতিতে শ্লথগতির কারণে দেশটিতে সব ধরনের ধাতব পণ্যের চাহিদা কমছে। তাল মিলিয়ে কমছে দামও। এ কারণে কারখানাগুলো উৎপাদন কমাচ্ছে। চায়না আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।

অ্যাসোসিয়েশন এক প্রতিবেদনে উল্লেখ করে, জুলাইয়ের শেষ দিকে দেশটির দৈনিক অপরিশোধিত ইস্পাত উৎপাদন জুলাইয়ের মাঝামাঝি সময়ের তুলনায় ৭ দশমিক ২৫ শতাংশ কমে যায়। উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ ৯০ হাজার টনে।

তথ্য বলছে, জুলাইয়ের শেষে প্রধান ইস্পাত কারখানাগুলো সব মিলিয়ে ২ কোটি ৭ লাখ ৯০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। এ সময় দৈনিক পিগ আয়রন উৎপাদন ৭ দশমিক ৭২ শতাংশ কমেছে। অন্যদিকে রোলড ইস্পাত উৎপাদন কমেছে ৫ দশমিক ৩৫ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, অর্থনীতি মন্দার আশঙ্কায় শিল্প উৎপাদন কমে গিয়েছে। ফলে এসব খাতে ইস্পাতের চাহিদা অনেক কম। এর পাশাপাশি করোনা মহামারী প্রভাব পুরোপুরি কাটেনি। এসব কারণে ইস্পাতের দাম কম। ফলে উৎপাদনও কম। এছাড়া কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যও উৎপাদন কমার পেছনে ভূমিকা পালন করছে।