ঈদের ছুটি কাটিয়ে ভারত ও পাকিস্তানের মতো দক্ষিণ এশীয় দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ফিরছে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী। কিন্তু আকাশপথে ফিরতি টিকেট কিনতে তাদের স্বাভাবিকের চেয়ে বেশি অর্থ দিতে হচ্ছে। খবর খালিজ টাইমস।


গত ৩০ এপ্রিল থেকেই পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হয়। ঈদের ছুটিকে কেন্দ্র করে কর্মব্যস্ত জীবন থেকে বিরতি নিয়ে অনেব প্রবাসী শ্রমিক নিজ নিজ দেশে বেড়াতে যায়। প্রায় দুই বছর পর কভিডজনিত বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় অনেকেই স্বদেশে ফেরার সুযোগ হারাতে চায়নি। তবে ছুটি কাটানো শেষে ফিরতি ফ্লাইটে টিকিটের দাম ছিল বেশি। স্বল্পমূল্যের উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর ক্ষেত্রে ভারত, পাকিস্তান থেকে ইউএইর ফ্লাইটের টিকিটের মূল্য দাঁড়িয়েছে অন্ততপক্ষে ১ হাজার ৫০০ দিরহাম। প্রিমিয়াম উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর ক্ষেত্রে টিকিটের মূল্য ২ হাজার ৫০০ দিরহাম বা তারও বেশি।


এদিকে স্কুলগুলোয় গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে সাম্প্রতিক মাসগুলোয় টিকিটের মূল্যের ঊর্ধ্বমুখিতা অব্যাহত থাকবে। কোচি, মুম্বাই, চেন্নাই ও কোলিকোডের মতো ভারতের জনপ্রিয় শহরগুলো থেকে ফিরতি ফ্লাইটের টিকিটের মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার দিরহামে।


এ বিষয়ে স্মার্ট ট্রাভেলস দুবাইয়ের অপারেশন ম্যানেজার মালিক বাদেকার জানান, মে মাসের তৃতীয় সপ্তাহেই টিকিটের দাম কমে ৬০০ দিরহামে নামার সম্ভাবনা রয়েছে। এরপর সেপ্টেম্বর মাস পর্যন্ত টিকিট মূল্য আকাশচুম্বী থাকবে। টিকিটের চড়া দামের জন্য বছরের শুরুতেই অনেক পরিবার গ্রীষ্মকালীন ছুটির জন্য ফ্লাইট বুক করে রেখেছে বলে জানান ট্রাভেল এজেন্টরা।


এদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (ডিএক্সবি) প্রাক্কলন অনুসারে, এপ্রিলের ২৯ তারিখ থেকে ৯ মে পর্যন্ত প্রায় ১৯ লাখ যাত্রী প্রধান বিমানবন্দর দিয়ে যাতায়াত করবে। এছাড়া এ সময় বিমাবন্দরটিতে দৈনিক গড়ে ১ লাখ ৭৭ হাজারেরও বেশি যাত্রী ভিড় করার কথা। এর মধ্যে গত ৭ মে ব্যস্ততম সময় পার করেছে বিমানবন্দরটি। ওই দিন বিদানবন্দরটিতে যাত্রী সংখ্যা ২ লাখে পৌঁছে।


এ বিষয়ে ভ্রমণ সংস্থা মুসাফির ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা রাহিশ বাবু বলেন, ঈদের ছুটিতে অনেকেই বিদেশ ভ্রমণ করেন। পর্যটকরা আবার ঘরে ফেরার তাগিদ অনুভব করছেন এখন। ছুটিতে বেড়াতে যাওয়া ছাড়াও ব্যবসায়িক ভ্রমণও বেড়েছে। ফলে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টিকিটের দামও। দুই মাসের মধ্যেই গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হবে। মে মাসের শেষ সপ্তাহ বা জুনের প্রথম সপ্তাহ ছাড়া টিকিটের মূল্য কমার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সেপ্টেম্বর পর্যন্ত টিকিট মূল্যের এই ঊর্ধ্বমুখিতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।