দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্টটি বিশ্বের শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে গ্যালাক্সি স্মার্টফোনে একাধিক এআই মডেল যুক্ত করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্যামসাংয়ের কনজিউমার ডিভাইস প্রধান টিএম রোহ। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
টিএম রোহ বলেন, কোম্পানিটি ওপেনএআইয়ের মতো কিছু প্রতিষ্ঠানের সঙ্গে ‘কৌশলগত সহযোগিতার’ প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি মোবাইল অপারেটিং সিস্টেমে পারপ্লেক্সিটি নামক এআই সার্চ ইঞ্জিন যুক্ত করেছে।
টিএম রোহ জানান, স্যামসাংয়ের নিজস্ব গবেষণায় দেখা গেছে গ্রাহকরা এখন একক কোনো প্লাটফর্মের ওপর নির্ভর না করে একাধিক এআই পরিষেবা ব্যবহারে বেশি আগ্রহী। গ্রাহকদের এ পছন্দের স্বাধীনতা গ্যালাক্সি ডিভাইসগুলোকে বাজারে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে।
স্যামসাং এমন এক সময়ে এ সুবিধা দিচ্ছে, যখন অ্যাপল গত বছর ঘোষিত অনেক এআই ফিচার এখনো বাজারে ছাড়তে পারেনি।
স্যামসাং ইলেকট্রনিকসের কো-চিফ এক্সিকিউটিভ রোহ বলেন, ‘আমরা অন্যদের তুলনায় অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিলাম। এভাবেই আমরা মোবাইল এআই খাতে নিজেদের নেতৃত্ব দখল ও বজায় রাখতে সক্ষম হয়েছি।’
প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোন বাজারে আধিপত্য বিস্তারের লড়াই এখন হার্ডওয়্যার থেকে সরে এআইয়ের নতুন রণক্ষেত্রে রূপ নিয়েছে। নির্মাতারা এখন এআই-চালিত অ্যাসিস্ট্যান্ট ও উন্নত সার্চ টুলকেই প্রধান কৌশলী হাতিয়ার হিসেবে গ্রহণ করছে। খাতসংশ্লিষ্টরা মনে করছেন, আগামীতে গ্রাহকের স্মার্টফোন ক্রয়ের সিদ্ধান্তে হার্ডওয়্যারের চেয়ে এআই ফিচারগুলোই গুরুত্ব পাবে বেশি।
এরই মধ্যে নিজেদের ডিভাইসে গুগলের জেমিনি এআই মডেল অন্তর্ভুক্ত করেছে স্যামসাং। পাশাপাশি গত সপ্তাহে প্রতিষ্ঠানটি একটি অত্যাধুনিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট প্রদর্শন করেছে, যার মাধ্যমে কোনো বোতাম স্পর্শ করা ছাড়াই কেবল কণ্ঠস্বর দিয়ে ট্যাক্সি বুক করাসহ বিভিন্ন কাজ করা সম্ভব।










