যুক্তরাজ্যভিত্তিক অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যাসোসের বিক্রির পরিমাণ ২০২৪ সাল নাগাদ আরো ১৫ শতাংশ কমতে পারে। ভোক্তাদের চাহিদা দিন দিন কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছে। খবর দিস ইজ মানি।

অ্যাসোসের প্রতিবদেনে বলা হয়, অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি এ অবস্থা থেকে উত্তরণের উপায় খুঁজছে। এদিকে প্রতিষ্ঠানটির টার্নওভার ১০ শতাংশ কমে ৩৫৫ কোটি পাউন্ডে পৌঁছেছে। কারণ জীবনযাত্রার ব্যয় বাড়ায় তরুণ ভোক্তাদের পোশাক কেনাকাটা আগের তুলনায় কমেছে। এছাড়া কভিড-১৯ সম্পর্কিত বিধিনিষেধগুলো তুলে দেয়ায় গ্রাহকরা এখন অনলাইনভিত্তিক প্লাটফর্মগুলোয় কম নির্ভর করছে। গ্রাহকরা আবার রাস্তার পাশের দোকানগুলো থেকে কেনাকাটা করছে। গ্রীষ্মকালীন আবহাওয়া ও দোকানে ছাড়ের কারণে যুক্তরাজ্যে রাজস্ব অনেক প্রভাবিত হয়েছে।  লন্ডনভিত্তিক সংস্থাটি ২০২৪ অর্থবছরে মোট বিক্রি আরো ৫-১৫ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা করছে। ২০২৪ সালের শেষ প্রান্তিকে সামান্য প্রবৃদ্ধি হলেও বছরের প্রথমার্ধজুড়ে লেনদেন কমবে।

অনলাইন খুচরা বিক্রয় বিভাগের প্রধান নির্বাহী হোসে আন্তোনিও রামোস ক্যালামন্টের জানান, অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ২০২৩ সালে অ্যাসোসের ভালো অগ্রগতি হয়েছিল। তিনি উল্লেখ করেন, ফার্মটি তার স্টক লেভেল ৩০ শতাংশ কমিয়েছে।