বহুজাতিক হোটেল ও রেস্তােরাঁ কোম্পানি হুইটব্রেডের চলতি বছরের প্রথমার্ধে ৪৪ শতাংশ আয় বেড়েছে। কোম্পানিটির সিস্টার কনসার্ন প্রিমিয়ার ইন হোটেলের চাহিদা ও ভোক্তা ব্যয় বৃদ্ধি এ মুনাফা অর্জনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
হুইটব্রেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, ‘উচ্চমূল্যের কারণে গ্রাহকের ঘাটতি চোখে পড়েনি। ৮৬ শতাংশ গ্রাহকই দ্বিতীয়বার এসেছেন। আগাম বুকিং থেকে প্রাপ্ত আয় গত বছরের চেয়ে বেশি ছিল। আর গ্রাহকদের অধিকাংশই ছিলেন ব্যবসাসংক্রান্ত কাজ কিংবা অবকাশ যাপনে আসা মানুষ।’
কভিড-১৯ মহামারীসংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী বিদেশ ভ্রমণের প্রবণতা বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে সহজ কর্মপরিধি মানুষকে ছোট ছোট বিরতি নিয়ে দীর্ঘ ভ্রমণে যেতেও উৎসাহিত করছে।
হুইটব্রেড কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহক মূলত নিজেদের সম্পত্তির ওপর গড়ে তোলা হোটেল চেইনগুলো বেছে নিতে বেশি আগ্রহ দেখাচ্ছেন। যদিও এমন অনেক হোটেল মহামারীর ধাক্কা কাটিয়ে আর খুলতে পারেনি।
যুক্তরাজ্য ও জার্মানিতে ৮৪০টির বেশি হোটেল পরিচালনা করে হুইটব্রেড। ট্যাক্স বাদে চলতি বছরের প্রধমার্ধে কোম্পানিটির আয় দাঁড়িয়েছে ২৯ কোটি ১০ লাখ পাউন্ডে। গত বছরের একই সময়ে আয় ছিল ২৭ কোটি ২০ লাখ পাউন্ড।










