বার্সেলোনা, লিসবন ও ভেনিসের মতো দক্ষিণ ইউরোপীয় শহরগুলোয় পর্যটন দিন দিন বেড়ে চলেছে, যা তৈরি করেছে নতুন আর্থসামাজিক সংকট। তেমন সংকট কাটাতে স্পেনের জনপ্রিয় গন্তব্য ভ্যালেন্সিয়া লাইসেন্স ব্যবস্থায় কড়াকড়ি আনছে। শহরটিতে দর্শনার্থীদের কাছে উচ্চ মূল্যে স্বল্পমেয়াদে আবাসন ভাড়া দিয়ে থাকে স্থানীয়রা। কর্তৃপক্ষ নতুন এক ঘোষণায় জানিয়েছে, অননুমোদিত ও কালোবাজারের স্বল্পমেয়াদে ভাড়া ও এয়ারবিএনবি ধাঁচের অ্যাপার্টমেন্টগুলোর জন্য ৬ লাখ ইউরো পর্যন্ত জরিমানা নির্ধারণ করা হচ্ছে। কয়েক মাস ধরে ভ্যালেন্সিয়ায় আবাসনের কালোবাজারে ভাড়া বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। অন্যদিকে বাড়তি পর্যটকসংখ্যা স্থানীয় পরিষেবায় অতিরিক্ত চাপ ফেলছে। তাই পর্যটন খাতের মান বজায় রাখার স্বার্থেই এ ধরনের সিদ্ধান্ত নেয়ার কথা ভাবা হচ্ছে। ভ্যালেন্সিয়ার পর্যটন কর্মকর্তা নুরিয়া মন্টেসের জানান, স্বল্পমেয়াদে ভাড়া দেয়া হয় নিয়ন্ত্রণহীন এমন অ্যাপার্টমেন্টের সংখ্যা অর্ধ লাখের বেশি হতে পারে। এসব বাড়ির মালিকরা কর পরিশোধ করেন না। শ্রম অধিকার সঠিকভাবে পালন হচ্ছে কিনা তাও স্পষ্ট নয়। কিন্তু প্রধান বিষয় হলো নিরাপত্তা। এসব বাড়ির মালিকরা পর্যটকদের যাবতীয় তথ্য রাখেন না। এমনকি অগ্নি, জরুরি অবস্থা, উদ্ধার পরিকল্পনা নিয়েও উদাসীন তারা। এয়ারবিএনবি বিষয়ক বিশ্লেষণ সংস্থা এয়ারবিটিকসের মতে, ভ্যালেন্সিয়ায় এয়ারবিএনবি বা স্বল্পমেয়াদে ভাড়ার আবাসনগুলো গড়ে ৭৯ শতাংশ পূর্ণ থাকে, যা বার্ষিক হিসাবে ২৮৮ রাতের সমান। এখানে প্রতিদিনের গড় ভাড়া ৯৩ ইউরো। ২০২৩ সালে এ বাবদ অ্যাপার্টমেন্ট মালিকদের গড় আয় ছিল ২৭ হাজার ইউরো। বর্তমানে স্বল্পমেয়াদে ভাড়ার ক্ষেত্রে আবাসন মালিকরা ভ্যালেন্সিয়ান ট্যুরিজম রেজিস্ট্রি থেকে লাইসেন্স নেন। এ সনদ পেতে সম্পত্তির যাবতীয় বিবরণ ও নিরাপত্তা তথ্য এবং মালিকের বিশদ তথ্য জমা দিতে হয়। এদিকে ২০২৮ সালের শেষ নাগাদ বার্সেলোনা ১০ হাজার স্বল্পমেয়াদে ভাড়া দেয়া হয় এমন অ্যাপার্টমেন্ট কমানোর পরিকল্পনা করছে। এর মধ্যে লাইসেন্স আছে এমন বাড়িও অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে ভেনিসে গ্রুপ পর্যটন ২৫ জনে সীমাবদ্ধ করার পাশাপশি ক্রুজ জাহাজের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। খবর ও ছবি ইউরো নিউজ
পর্যটন সীমিত রাখতে ভ্যালেন্সিয়ায় আবাসনের ওপর নজরদারি বাড়ছে
বার্সেলোনা, লিসবন ও ভেনিসের মতো দক্ষিণ ইউরোপীয় শহরগুলোয় পর্যটন দিন দিন বেড়ে চলেছে, যা তৈরি করেছে নতুন আর্থসামাজিক সংকট।










