চলতি বছর চীনে গম আমদানি গত বছরের তুলনায় লক্ষণীয় মাত্রায় কমতে পারে বলে মনে করছেন বাজার পর্যবেক্ষকরা। দেশটিতে নিম্নমুখী চাহিদা ও সরবরাহসংক্রান্ত বিলম্ব আমদানিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানান তারা।
এর আগে চীনে ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ টন গম আমদানির প্রাক্কলন করা হয়েছিল। কিন্তু বর্তমানে বাজার অংশীজনরা বলছেন, আমদানি এর চেয়ে কম হবে। এমনকি গত বছরের চেয়ে কমে যেতে পারে। ওই সময় আমদানির পরিমাণ ছিল ১ কোটি ১৮ লাখ ৮০ হাজার টন।
বছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে অস্ট্রেলিয়া ও কানাডার বেশকিছু কোম্পানি থেকে সরবরাহ পৌঁছতে দেরি হবে ধারণা করা হচ্ছে। অর্থাৎ এসব গম আগামী বছরের শুরুর দিকে পৌঁছতে পারে। বিষয়টি বার্ষিক আমদানি কমার ক্ষেত্রে বেশ ভালো প্রভাব রাখবে।
মার্কিন কৃষি বিভাগ জানায়, ৮ মার্চ শেষ হওয়া সপ্তাহেও প্রায় পাঁচ লাখ টনের ক্রয়াদেশ বাতিল করা হয়েছে। বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি ক্রয়াদেশ বাতিল করছে বলে জানিয়েছেন বাজার পর্যবেক্ষকরা। এমন পরিস্থিতিতে দেশটি রাশিয়াসহ অন্যান্য বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে।










