সারা বিশ্বই এখন মূল্যস্ফীতির চক্রে ঘুরপাক খাচ্ছে, ফ্রান্সও এর বাইরে নয়। গত জানুয়ারিতে ফ্রান্সের বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ৬ শতাংশ, যা ২০২২ সালের ডিসেম্বরের ৫ দশমিক ৯ শতাংশের তুলনায় বেশি। সরকারি চিত্রে এমন তথ্য দেখা গেছে। খবর আনাদোলু এজেন্সি।
সংশ্লিষ্টরা বলছেন, দেশটিতে খাবারের দাম ১৩ দশমিক ৩ শতাংশ বেড়ে যাওয়া এবং জ্বালানির দাম ১৬ দশমিক ৩ শতাংশ বেড়ে যাওয়ার ফলেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
গত জানুয়ারিতে ফ্রান্সে মাসিক মূল্যস্ফীতির হার ছিল দশমিক ৪ শতাংশ, সংখ্যাটা ডিসেম্বরের তুলনায় ঋণাত্মক দশমিক ১ শতাংশ বেশি। সেখানে আরো বলা হয়েছে, পেট্রোলিয়াম পণ্যের দাম বেড়ে যাওয়ায় জ্বালানির দাম আবার বেড়ে গেছে। সেখানে অল্প খানিকটা ভূমিকা রেখেছে জ্বালানির ওপর দেয়া ছাড়ের সময়সীমা শেষ হয়ে যাওয়া এবং বেশকিছু জায়গায় গ্যাসের দাম বেড়ে যাওয়ার বিষয়টিও।










