সিঙ্গাপুরে বাড়ি বিক্রি বাড়তে শুরু করেছে। বর্তমানে বাড়ি বিক্রির হার গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। গত বছরের ধীরগতি কাটিয়ে ফিরতে শুরু করেছে খাতটির ব্যবসা। সেই সঙ্গে ভোক্তা চাহিদাও বেড়েছে আগের চেয়ে। সব মিলিয়ে পুনরুদ্ধারের মুখ দেখছে সিঙ্গাপুরের বাড়ি বিক্রি খাত। খবর ফ্রি মালয়েশিয়া টুডে। 

আরবান রিডেভেলপমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী, সর্বশেষ ফেব্রুয়ারিতে নতুন ব্যক্তিমালিকানাধীন অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে ৪৩২টি। ডিসেম্বরে বাড়ি বিক্রি ১৪ বছরের সর্বনিম্ন অবস্থায় পৌঁছার পর ফেব্রুয়ারিতে দ্বিতীয় মাসের মতো প্রবৃদ্ধির মুখ দেখল খাতটি। 
ক্রমবর্ধমান সুদের হার এবং মূল্যস্ফীতির কারণে সিঙ্গাপুরের বেশির ভাগ খাতেই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তবে এর বিপরীত চিত্র দেখা গেছে আবাসন খাতে। গত ফেব্রুয়ারিতে আবাসন খাতের ক্রেতাদের জন্য দামি সম্পত্তি কেনার ওপর করহার বাড়ায় সরকার। এতেই খাতটিতে সৃষ্ট আস্থার বিষয়টি স্পষ্ট হয়।