চীনে আবারো বেড়েছে অ্যালুমিনিয়াম উৎপাদন। আন্তর্জাতিক বাজারে ধাতুটির ঊর্ধ্বমুখী দামের কারণে আমদানি ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। মূলত এ কারণেই চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানো হয়। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যুরোর দেয়া তথ্য বলছে, গত মাসে চীনে ৩৩ লাখ ৯০ হাজার টন প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ। তবে মে মাসের তুলনায় উৎপাদন দশমিক ৯ শতাংশ কমেছে। ওই মাসে উৎপাদনের পরিমাণ ছিল ৩৪ লাখ ২০ হাজার টন। সংশ্লিষ্টরা বলছেন, মাসভিত্তিক উৎপাদন কমলেও তার পরিমাণ ছিল অত্যন্ত স্বল্প।

তথ্য বলছে, রাশিয়া-ইউক্রেন সংঘাতের পর থেকে সরবরাহ সংকটে আন্তর্জাতিক বাজারে পাল্লা দিয়ে বেড়েছে অ্যালুমিনিয়ামের দাম। এ কারণে স্থানীয় বাজারও ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। উৎপাদন বাড়াতে শুরু করে দেশটি। সম্প্রতি ধাতুটির দাম কমে এলেও এ ধারা অব্যাহত।

এদিকে গত মাসে চীন সব মিলিয়ে ৬ লাখ ৭ হাজার ৪৪৩ টন অ্যালুমিনিয়াম রফতানি করেছে। এক মাসের ব্যবধানে রফতানি ১০ দশমিক ২ শতাংশ কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৭১ দশমিক ৬ শতাংশ।