পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। ন্যূনতম পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত করার জন্য কোম্পানিটি স্টক লভ্যাংশ ঘোষণা করেছে বলে জানায়। তবে কোম্পানিটির এ পরিকল্পনা বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, এমবি ফার্মাসিউটিক্যালস স্টক লভ্যাংশ ঘোষণার পরেই ডিএসইর পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে বিএসইসির প্রজ্ঞাপনের শর্ত পরিপালন না করেই কোম্পানিটি স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। মূলত টানা দুই বছর তালিকাভুক্ত কোনো কোম্পানি ন্যূনতম ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হলে সেক্ষেত্রে কমিশনের পূর্বানুমতি ছাড়া সে কোম্পানি কোনো ধরনের স্টক লভ্যাংশ ঘোষণা করতে পারবে না।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে এমবি ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৪২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৬৮ পয়সায়।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এমবি ফার্মাসিউটিক্যালসের নিট আয় হয়েছে ৪ কোটি ৮৯ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ কোটি ৩৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট আয় বেড়েছে ৫১ লাখ টাকা বা ১১ দশমিক ৬৯ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ৬ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল প্রায় আড়াই লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে সাড়ে ৩ লাখ টাকা বা ১৩৮ দশমিক ৪৬ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২০ পয়সায়।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ২ কোটি ৫০ লাখ টাকা। পরিশোধিত মূলধন ২ কোটি ৪০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ কোটি ৮ লাখ টাকা। মোট শেয়ারসংখ্যা ২৪ লাখ।









