সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি (এনবিএফআই)।
ডিবিএইচ সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ১৭ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল। এরই মধ্যে ২ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্সে (বিও) পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ডিবিএইচের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০১ কোটি ৫৯ লাখ টাকা, আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ১০৪ কোটি ৩৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২ কোটি ৮০ লাখ টাকা বা ২ দশমিক ৬৮ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৩৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৭ টাকা ১৫ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ডিবিএইচ।










