সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ আহমেদ এবং সন্ধানী লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা উপস্থিত ছিলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য আর্থিক ও বীমা সেবার প্রাপ্যতা বৃদ্ধির লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।
জানা যায়, ব্যাংকান্স্যুরেন্স হলো ব্যাংকিং ও বীমা খাতের মধ্যে একটি অগ্রসরমাণ সহযোগিতার ক্ষেত্র, যা এক প্লাটফর্মের মাধ্যমে সমন্বিত আর্থিক সমাধান দিয়ে থাকে। মিডল্যান্ড ব্যাংক ও সন্ধানী লাইফের মধ্যকার এ অংশীদারত্ব উদ্ভাবন, গ্রাহক সুবিধা এবং সেবার উৎকর্ষ নিশ্চিত করার অভিন্ন অঙ্গীকারকে তুলে ধরে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন; উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা নাজমুল হুদা সরকার; ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান ওমর শরীফ এবং প্রজেক্ট, প্রসেস, প্রডাক্ট ডেভেলপমেন্ট ও ব্যাংকান্স্যুরেন্স বিভাগের ম্যানেজার খন্দকার ইমরান হোসেন। অন্যদিকে সন্ধানী লাইফের পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং ব্যাংকান্স্যুরেন্স প্রধান আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সহযোগিতার আওতায় মিডল্যান্ড ব্যাংক তার শাখা নেটওয়ার্কের মাধ্যমে সন্ধানী লাইফের জীবন বীমা পণ্যের বিতরণ শুরু করেছে। এর ফলে গ্রাহকরা ব্যাংকের বিভিন্ন শাখা থেকে সহজেই বিভিন্ন ধরনের জীবন বীমা সেবা নিতে পারবেন।










