মিলানের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ভারসাচি অধিগ্রহণ করেছে ইতালির আরেক জায়ান্ট প্রাডা গ্রুপ। ১৩৭ কোটি ৫০ লাখ ডলারের এ অধিগ্রহণ চুক্তি ধুঁকতে থাকা ভারসাচির পুনরুজ্জীবনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। খবর এপি।

এক বিবৃতিতে প্রাডা জানিয়েছে, প্রয়োজনীয় সব নিয়ন্ত্রক অনুমোদনের পরই এ অধিগ্রহণ কার্যকর হয়েছে।

এতদিন মার্কিন বিলাসবহুল পণ্য নির্মাতা ক্যাপরি হোল্ডিংসের অধীনে ছিল ভারসাচি। ক্যাপরির মালিকানাধীন ফ্যাশন ব্র্যান্ড মাইকেল কর্স ও জিমি চু জানিয়েছে, প্রাডার কাছ থেকে পাওয়া অর্থ ঋণ পরিশোধে ব্যয় হবে।

ভারসাচির সাবেক ক্রিয়েটিভ ডিজাইনার দোনাতেলা ভারসাচি সামাজিক যোগাযোগমাধ্যমে এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন। পোস্টে ভাই ও প্রতিষ্ঠাতা জিয়ান্নি ভারসাচি এবং মিউচিয়া প্রাডার ১৯৯৬ সালের একটি ছবি শেয়ার করেন। তিনি লিখেছেন, ‘আজ তোমার দিন। প্রাডা পরিবারের অংশ হলো ভারসাচি। আমি ভাবছি, তোমার মুখে যে হাসি দেখা যেত তা কেমন হতো।’

ভারসাচির নতুন কার্যনির্বাহী চেয়ারম্যান হবেন প্রাডা গ্রুপের উত্তরাধিকারী লরেঞ্জো বার্তেল্লি। পাশাপাশি তিনি গ্রুপের মার্কেটিং ও স্থায়িত্ববিষয়ক প্রধানের দায়িত্বও পালন করবেন। লরেঞ্জো জানান, শিগগিরই ভারসাচিতে বড় কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। তবে বাজারে ব্র্যান্ডটির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।

বিশ্লেষকদের ধারণা, প্রাডার মিনিমালিস্ট স্টাইল ও ভারসাচির বোল্ড ডিজাইনের সংমিশ্রণ গ্রাহকদের ভিন্নভাবে আকৃষ্ট করবে। ভারসাচি এরই মধ্যে নতুন ডিজাইনার দারিও ভিতালের নেতৃত্বে রিলঞ্চ শুরু করেছে।

প্রাডা গ্রুপ ইতালিয়ান উৎপাদন ব্যবস্থায় ভারসাচিকে একীভূত করার পরিকল্পনা করছে। কোম্পানিটি এরই মধ্যে শিল্পীদের প্রশিক্ষণ ও উৎপাদন সম্প্রসারণে ব্যাপক বিনিয়োগ করেছে।

২০১৮ সালে ২০০ কোটি ডলারে ভারসাচি কিনে নেয় ক্যাপরি হোল্ডিংস। ২০২৪ সালে কোম্পানিটির মোট আয়ের ২০ শতাংশের উৎস ছিল ভারসাচি। চুক্তি অনুসারে, প্রাডা গ্রুপের মোট আয়ে ব্র্যান্ডটির হিস্যা হবে ১৩ শতাংশ। বাকি ৬৪ শতাংশ আসবে মূল ব্র্যান্ড থেকে আর ২২ শতাংশ আসবে মিউ মিউ ব্র্যান্ড থেকে।