ধাতুর বাজারে কয়েক মাস ধরে আকরিক লোহার দাম বাড়তির দিকে রয়েছে। এর জের চলতে পারে আগামী বছরের শুরু অবধি। জানুয়ারি নাগাদ শিল্প ধাতুটির দাম বেড়ে টনপ্রতি ১৮০ ডলারে উন্নীত হতে পারে। ওয়েস্টপ্যাক ব্যাংকিং করপোরেশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর রয়টার্স ও মাইনিংডটকম।
অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আকরিক লোহার বাজার চাঙ্গা রয়েছে। রেকর্ড দামে বিক্রি হচ্ছে শিল্প ধাতুটি। বড়দিনের ছুটির আগে সর্বশেষ কার্যদিবসে সিঙ্গাপুর কমোডিটি এক্সচেঞ্জে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন আকরিক লোহা ১৬১ ডলার ১০ সেন্টে বিক্রি হয়েছে।
একইভাবে চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে এদিন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন আকরিক লোহা বিক্রি হয় ১ হাজার ২৬ দশমিক ৫০ ইউয়ান (স্থানীয় মুদ্রা) বা ১৫৬ ডলার ৯৫ সেন্টে বিক্রি হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ বেশি। বড়দিনের ছুটির পর আরো চাঙ্গা হয়ে ওঠার সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, আকরিক লোহা ইস্পাত তৈরির অন্যতম কাঁচামাল। শিল্প ধাতুটির চাহিদা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ফলে ইস্পাত উৎপাদন বাড়াতে গিয়ে বিভিন্ন দেশের কারখানাগুলো আকরিক লোহা কেনা বাড়িয়ে দিয়েছে। করোনা-পরবর্তী বিশ্বে সেই তুলনায় বাড়েনি ব্যবহারিক ধাতুটির উত্তোলন ও সরবরাহ। এর জের ধরে বাড়তির দিকে রয়েছে আকরিক লোহার দাম। সরবরাহ বাড়ানো সম্ভব না হলে ২০২১ সালের প্রথমার্ধজুড়ে (জানুয়ারি-জুন) ধাতুর বাজারে চাঙ্গা থাকতে পারে আকরিক লোহার দাম।
বিশ্ববাজারে আকরিক লোহার অন্যতম দুই জোগানদাতা দেশ ব্রাজিল ও অস্ট্রেলিয়া। দেশ দুটিতে শীত মৌসুম শুরু হয়েছে। শীতে আকরিক লোহার খনিগুলোয় উত্তোলন কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে আসে। এবারো তাই হয়েছে। ফলে আগামী দিনগুলোয় বিশ্ববাজারে আকরিক লোহার সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা ক্ষীণ। ওয়েস্টপ্যাক করপোরেশন বলছে, এর প্রভাব বজায় থাকবে ধাতুটির দামে।










