নতুন আরো ৮৩ কোটি ইউরোর (৮৭ কোটি ২০ লাখ ডলার) কভিড-১৯ প্রতিরোধী টিকা কেনার পরিকল্পনা করছে জার্মানি। চলতি বছরের মাঝামাঝির পর সম্ভাব্য কভিডের নতুন ধরনের সংক্রমণ মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে এ ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশটি। খবর এপি।
জার্মান স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ বলেন, এরই মধ্যে সরকার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মাধ্যমে যথেষ্ট টিকার ক্রয়াদেশ দিয়েছে। এর মধ্যে ওমিক্রন ধরন মোকাবেলায় জার্মানির বায়োএনটেকের তৈরি টিকাও অন্তর্ভুক্ত। নতুন তহবিল দিয়ে ওমিক্রন ও অন্যান্য ধরনের সংক্রমণ মোকাবেলায় মডার্নার তৈরি টিকা কেনা হবে। আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় টিকার সংগ্রহ বাড়িয়ে যাচ্ছি। আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। কারণ আমরা জানি না আসন্ন শরতে কোন ধরনটির মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, মহামারীর একটি শিক্ষা হলো আমরা কখনই টিকার ঘাটতি দেখতে চাই না। কারণ গত বছরের শুরুর দিকে ইইউ ও জার্মানির ধীর টিকাদান কার্যক্রমে আমাদের ভুগতে হয়েছে। প্রয়োজন রয়েছে এমন নাগরিকদের জন্য আমরা চতুর্থ ডোজের অফার করতে চাই। তবে সবার জন্য চতুর্থ ডোজ সুপারিশ করা হবে কিনা তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।










