নারীদের জন্য আভিভা নাফিহা নামে বিশেষায়িত ডিপোজিট ও ইনভেস্টমেন্ট স্কিম এনেছে আভিভা ফাইন্যান্স লিমিটেড। গতকাল প্রতিষ্ঠানটি প্রধান কার্যালয়ে নতুন এ পণ্যের ঘোষণা দেয়। এতে আট ধরনের ডিপোজিট ও তিন ধরনের ইনভেস্টমেন্ট স্কিমের সুবিধা রেখেছে প্রতিষ্ঠানটি। এ স্কিমের লক্ষ্য নারীদের আমানত ও বিনিয়োগের ক্ষেত্রে পছন্দ অনুযায়ী আর্থিক পরিষেবা প্রদান এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। 

আভিভা ফাইন্যান্স লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম মোস্তাফিদুজ্জামান বলেন, ‘যারা শরিয়াহকে প্রাধান্য দেবেন, এ পণ্য তাদের জন্য। আমরা চাই আভিভা নাফিহার ‍সফলতা আসুক। আমাদের ১২টি শাখার মাধ্যমে সারা দেশেই আমরা এ পণ্যের কাভারেজ দিতে চাই। সত্যিকার অর্থেই যারা নারী উদ্যোক্তা, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। আগামীতে আমরা আরো ভালো পণ্য আনতে চাই।’

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ‘আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে পুরুষ ও নারীর অর্থনৈতিক সাম্য এখনো অর্জিত হয়নি। এখানে বিশাল গ্যাপ রয়েছে এবং এটা ক্রমেই বাড়ছে। অর্থনীতিতে নারীদের সমানভাবে অন্তর্ভুক্ত না হওয়ার পেছনে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ থাকতে পারে। নারীদের জন্য নাফিহা উদ্যোগকে কল্যাণমূলক হিসেবে দেখতে চাই আমরা। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আভিভা ফাইন্যান্স লিমিটেডের ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান মো. হারুন উর রশীদ এবং সব বিভাগীয় প্রধানসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আভিভা ফাইন্যান্স লিমিটেডের উইমেন অন্ট্রাপ্রেনিউর ডেভেলপমেন্টের প্রধান উম্মে হাবিবা ইভা, সিআরএমের প্রধান মিদহাত আজিজ ও ইনফরমেশন টেকনোলজির প্রধান মুরশিদুল হক সাগর।