গত মাসে ভারতের স্বর্ণ আমদানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেড়েছে। অব্যাহত দর সংশোধনই আমদানি বাড়াতে সহায়তা করেছে। পাশাপাশি কয়েকটি বড় উৎসবে বিক্রিতে উল্লম্ফন দেখা দেয়ায় জুয়েলার্সদের মজুদ কমে গিয়েছে। পুনরায় মজুদ তৈরি করতে তারা আমদানি বাড়িয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ। ঊর্ধ্বমুখী আমদানির কারণে দেশটিতে স্বর্ণের দাম আরো কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমদানি বাড়ায় গত মে মাসে দেশটির বাণিজ্য ঘাটতি বেড়ে যায়। চাপ তৈরি হয় রুপির ওপর। সংশ্লিষ্টরা বলছেন, রুপির সাম্প্রতিক রেকর্ড দরপতনে বড় ভূমিকা রেখেছে ঊর্ধ্বমুখী স্বর্ণ আমদানি।
সংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্য বলছে, জুনে ভারত সব মিলিয়ে ৪৯ টন স্বর্ণ আমদানি করেছে। আমদানিতে ব্যয় হয়েছে ২৬১ কোটি ডলার। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১৭ টন। ওই সময় আমদানিতে ব্যয় হয়েছিল ৯৬ লাখ ৯০ হাজার ডলার। মে মাসে ভারত ৬০০ কোটি ডলারের স্বর্ণ আমদানি করে। গত বছরের একই সময় আমদানি করা হয়েছিল ৬৭ কোটি ৮০ ডলারের স্বর্ণ।
এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসেও বিপুল পরিমাণ স্বর্ণ আমদানি করেছে ভারত।
আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৩৫ টনে। তবে গত বছরের একই সময়ের তুলনায় আমদানি কম ছিল।
সম্প্রতি মূল্যবান ধাতুটির আমদানি শুল্ক বাড়িয়েছে ভারত। উদ্দেশ্য মূল্যবান ধাতুটির চাহিদা দুর্বল করার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা।
সম্প্রতি দেশটির সরকার ধাতুটির আমদানি শুল্ক ৭ দশমিক ৫০ শতাংশ থেকে ১২ দশমিক ৫০ শতাংশে উন্নীত করেছে। শুল্ক বাড়ানোর পরই দেশটিতে স্বর্ণের দাম দুই মাসের সর্বোচ্চে আরোহণ করে। ১০ গ্রাম স্বর্ণের দাম ৫২ হাজার ৩২ রুপিতে উন্নীত হয়।
ইন্ডাস্ট্রিসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শুল্ক বাড়ানোর ফলে স্বর্ণের দাম ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। নিম্নমুখী হয়েছে চাহিদা। তবে এ পরিস্থিতিতে স্বর্ণের চোরাচালান বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা। এদিকে শুল্ক বাড়ানোর পর ডিলাররা প্রতি আউন্স স্বর্ণে ৪০ ডলার পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছেন।
রিদ্ধিসিদ্ধি বুলিয়নসের ব্যবস্থাপনা পরিচালক পৃথ্বিরাজ কোঠারি বলেন, হঠাৎ দাম বেড়ে যাওয়ায় চলতি মাসে ভারতের বাজারে স্বর্ণালংকারের চাহিদা কমবে।
তথ্য বলছে, মে মাসে ভারতের বাণিজ্য ঘাটতি ৬৫৩ কোটি ডলার থেকে বেড়ে ২ হাজার ৪২৯ কোটি ডলারে উন্নীত হয়েছে। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বিপুল পরিমাণ স্বর্ণ আমদানি।










