যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি বাড়িয়েছে নাইজেরিয়া। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৩ লাখ ৬৭ হাজার টন গম বেশি আমদানি করেছে দেশটি। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সাহারা রিপোর্টার্স।

ইউএসডিএর প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে নাইজেরিয়া থেকে যুক্তরাষ্ট্রের গম আমদানি হয়েছে ৯ লাখ ৩৬ হাজার টন। যেখানে গত বছরের একই সময় দেশটির আমদানি ছিল ৫ লাখ ৬৯ হাজার টন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশ চীনে এ সময় যুক্তরাষ্ট্রের রফতানি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। বাণিজ্যযুদ্ধের কারণে চীনের বাজারে দেশটির কৌশলগত পণ্য হিসেবে পরিচিত গম রফতানি কমেছে।

যুক্তরাষ্ট্র থেকে নাইজেরিয়া সাধারণত তিন ধরনের গম কিনে থাকে। এর মধ্যে অক্টোবরে দেশটি থেকে ৫ লাখ ৬৭ হাজার টন হার্ড রেড উইন্টার গম কিনেছে। একই সময় সফট রেড উইন্টারের আমদানি ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার টনে। একই সময়ে ১ লাখ ২৩ হাজার টন হার্ড হোয়াইট হুইট আমদানি করেছে নাইজেরিয়া।