বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ‘এম অ্যান্ড জে গ্রুপ প্রেজেন্টস বিইউএফটি জাতীয় কুইজ কম্পিটিশন ২০২৫, পাওয়ার্ড বাই জায়ান্ট গ্রুপ’ আয়োজন করেছে। অনুষ্ঠানটি সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিইউএফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিমের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ ৫০০ এরও বেশি কলেজ শিক্ষার্থীরা অংশ নেয়।

বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাসির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্যাকাল্টি অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ।

বিইউএফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিমের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল তরুণদের বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহ দেয়া ও শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি করা। প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীরা প্রথমে দ্বিতীয় এমসিকিউ রাউন্ডে অংশ নেয়। সেখান থেকে ২০টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। এরপর বাজার রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে ৬টি দল, যার মধ্যে ৪টি দল পৌঁছে যায় গ্র্যান্ড ফাইনালে।

গ্র্যান্ড ফাইনালের অডিও, ভিজ্যুয়াল ও র‌্যাপিড ফায়ার রাউন্ড শেষে সরকারি বিজ্ঞান কলেজ চ্যাম্পিয়ন হয়। প্রথম রানারআপ হয় ঢাকা কলেজ ও দ্বিতীয় রানারআপ হয় বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ। এছাড়া সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মো. ইফতিয়াফ আহনাফ স্বচ্ছ সেরা প্রতিযোগী নির্বাচিত হয়।

অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে আরো প্রাণবন্ত করে তোলে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এরপর অনুষ্ঠিত হয় গ্রুপ ফটোসেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন রানওয়ে।

আয়োজনে সহযোগিতা করে বিইউএফটি হেরিটেজ ক্লাব ও বিইউএফটি কালচারাল ক্লাব। ফুকালার, হিউ টেক বিডি, রোজারি, এস অ্যান্ড ডি কেমিক্যালস, আসুটেক্স, আরএইচ করপোরেশন, উর্মি গ্রুপ ও রেমেক্স ছিল ইভেন্টের স্পন্সর। এতে চ্যানেল ২৪ ছিল ইভেন্ট পার্টনার, লার্নআপ ছিল জ্ঞান অংশীদার। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল এটিএন বাংলা, বাংলাদেশ প্রতিদিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি ক্যাম্পাস ও রেডিও টুডে।

—বিজ্ঞপ্তি