এপ্রিলে যুক্তরাষ্ট্রের ইস্পাত আমদানি মার্চের তুলনায় ১২ শতাংশ কমেছে। ইস্পাত থেকে উত্পন্ন শিট, আধা পরিশোধিত পণ্য আমদানিও কমেছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্র সব মিলিয়ে ২৪ লাখ ৮০ হাজার টন ইস্পাত আমদানি করে। মার্চে আমদানির পরিমাণ ছিল ২৮ লাখ ১০ হাজার টন। এক মাসের ব্যবধানে কমলে গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেড়েছে।

এপ্রিলে পরিশোধিত ইস্পাত আমদানির হিস্যা দাঁড়িয়েছে ২৭ শতাংশে। আর চার মাসের হিস্যা ২৪ শতাংশে। বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত আমদানি ২১ শতাংশ বেড়েছে।

তথ্য বলছে, গত মাসে ইস্পাত থেকে উৎপাদিত শিট আমদানি কমেছে। এর মধ্যে হট রোলড কয়েল আমদানি কমেছে ২৫ শতাংশ। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৮৮ টনে। অন্যদিকে কোল্ড রোলড কয়েল আমদানি ২৩ শতাংশ কমেছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৩১৩ টনে। হট ডিপড গ্যালভানাইজড শিট আমদানি কমে ২ লাখ ৬১ হাজার ৪৯০ টনে নেমেছে, যা আগের মাসের তুলনায় ৯ শতাংশ কম।

আধা পরিশোধিত পণ্যের মধ্যে স্লাভ আমদানি ১২ শতাংশ কমে ২ লাখ ৪৫ হাজার ৩৫৯ টনে নেমেছে। নন-স্লাভ সেমিস আমদানি নেমেছে ১ লাখ ৬০ হাজার ৩৫৩ টনে, যা আগের মাসের তুলনায় ৩৪ শতাংশ কম।