২০২৬ সালের জন্য কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করেছে বেসরকারি খাতের ব্যাংকিং প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক পিএলসি। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল–এ আয়োজিত স্ট্র্যাটেজিক লিডারশিপ সভায় ব্যাংকটি তাদের ‘ভিশন ২০২৬’ রূপরেখা প্রকাশ করে।
দিনব্যাপী এ সভায় ব্যাংকের স্ট্র্যাটেজিক লিডারশিপ টিমের প্রায় ৮০ জন সদস্য অংশ নেন। সভার মূল লক্ষ্য ছিল ‘ভিশন ২০২৬’-এর সঙ্গে সংশ্লিষ্টদের সমন্বয় নিশ্চিত করা। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, টেকসই প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উৎকর্ষ অর্জনের সুস্পষ্ট দিকনির্দেশনা নিয়েই এ রূপরেখা প্রণয়ন করা হয়েছে।
সভায় বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ্ খান, নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ্ এবং স্বতন্ত্র পরিচালক ও নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী (অব.)। তারা ব্যাংকের আগামীর কর্মপরিকল্পনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান ঐক্যবদ্ধ ও উদ্দেশ্যনির্ভর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘ভিশন ২০২৬ আমাদের সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও ভবিষ্যৎ–প্রস্তুত ব্যাংক গড়ে তুলতে চাই। এ রূপরেখায় প্রবৃদ্ধির পাশাপাশি সুদৃঢ় ব্যবস্থাপনা, ডিজিটাল উদ্ভাবন ও অপারেশনাল উৎকর্ষকে অগ্রাধিকার দেয়া হয়েছে। আমরা সবাই এক হয়ে স্পষ্টতা, স্থিতিশীলতা ও লক্ষ্য নিয়ে আমাদের গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জন্য সর্বোচ্চ অবদান রাখতে চাই।’
বিশেষ অতিথি হিসেবে অধিবেশনে যোগ দেন আইডিএলসি ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার। তিনি দেশের ব্যাংক খাতের রূপান্তর প্রক্রিয়া ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।
ব্যাংকটির ২০২৬ সালের কৌশলগত অগ্রাধিকারের মধ্যে রয়েছে প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, সুশাসন জোরদার, ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবন এগিয়ে নেওয়া এবং মূল ব্যবসা সম্প্রসারণ। পাশাপাশি গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা, কর্মী ও সামাজিক দায়িত্ববোধ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেয়া হয়েছে বলে জানানো হয়।










