চলতি বছরের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) অপরিশোধিত জ্বালানি তেল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৯ শতাংশ বাড়িয়েছে চীন। এ সময় দেশটিতে জ্বালানি পণ্যটির সম্মিলিত আমদানি ৫০ কোটি ৩৯ লাখ টন ছাড়িয়ে গেছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও মাইনিংডটকম।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি-নভেম্বর সময়ে আন্তর্জাতিক বাজার থেকে চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ৫০ কোটি ৩৯ লাখ ২০ হাজার টন অপরিশাধিত জ্বালানি তেল আমদানি করেছে। দৈনিক হিসাবে এর পরিমাণ গড়ে ১ কোটি ৯ লাখ ৮০ হাজার ব্যারেল। ২০১৯ সালের প্রথম ১১ মাসের তুলনায় গত জানুয়ারি-নভেম্বর সময়ে চীনে জ্বালানি পণ্যটির সম্মিলিত আমদানি বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ।

এদিকে সর্বশেষ নভেম্বরে চীনে সব মিলিয়ে ৪ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টন (দৈনিক ১ কোটি ১০ লাখ ৪ হাজার ব্যারেল) অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৩ শতাংশ কম।

খাতসংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারীর মধ্যে চাহিদা কম থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে ব্যাপক দরপতন হওয়ায় তেল আমদানি বাড়িয়েছে চীন।