মার্কিন ফেডারেল এনার্জি রেগুলেটরি কমিশন (এফইআরসি) সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরো চারটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রকল্পের অনুমোদন দিয়েছে। ফলে আগামী বছর থেকে দেশটির এলএনজি রফতানি আরো বৃদ্ধির সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা। খবর অয়েলপ্রাইস ডটকম।
তথ্য ও বিশ্লেষণ কোম্পানি গ্লোবালডাটার তথ্য অনুযায়ী, ২০২৩ সাল নাগাদ এলএনজি উৎপাদন সক্ষমতায় বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হবে যক্তরাষ্ট্র। এ সময়ের মধ্যে দেশটিতে জ্বালানিটির উৎপাদন সক্ষমতা বেড়ে বার্ষিক ১৫ কোটি ৭০ লাখ টনে উন্নীত হবে, যা বৈশ্বিক মোট সক্ষমতার ৭৩ শতাংশ। অন্যদিকে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রধমার্ধে দেশটি থেকে প্রাকৃতিক গ্যাস রফতানি গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। কয়েকটি এলএনজি প্লান্ট অনলাইনে চলে আসায় এ সময় মোট গ্যাস রফতানি বৃদ্ধি পায়। দেশটি সাধারণত পাইপলাইনযোগে কানাডা ও মেক্সিকোতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে। এর বাইরে আরো কয়েকটি দেশে এলএনজি রফতানি করে। ২০১৭ সালে ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রাকৃতিক গ্যাসের বার্ষিক রফতানিতে নিট রফতানিকারকের তালিকায়ও উঠে আসে যুক্তরাষ্ট্র।









