চলতি বছর নিকেল আকরিক উত্তোলন ১০ শতাংশ বাড়াবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি পিটি এনেকা টাম্বাং (এএনটিএএম)। কোম্পানিটি জানায়, ২০২২ সালে মোট ১ কোটি ২১ লাখ ওয়েট মেট্রিক টন (ডব্লিউএমটি) নিকেল আকরিক উত্তোলন করবে তারা। গত বছরে এএনটিএএমের উত্তোলনকৃত মোট নিকেল আকরিকের পরিমাণ ছিল ১ কোটি ১০ লাখ টন। খবর কিটকো নিউজ।

পাশাপাশি চলতি বছর নিকেল আকরিক বিক্রয়ের পরিমাণও বাড়াবে বলে জানিয়েছে এএনটিএএম। ২০২২ সালে মোট ১ কোটি ৫০ হাজার ডব্লিউএমটি পরিমাণ নিকেল বিক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে কোম্পানিটি, যা গত বছরের তুলনায় ৩১ শতাংশ বেশি। ২০২১ সালে এএনটিএএমের বিক্রয় করা নিকেল আকরিকের পরিমাণ ছিল ৭৬ লাখ ৪০ হাজার ডব্লিউএমটি।

এছাড়া চলতি বছর ২৪-২৫ হাজার টন ফেরোনিকেল (নিকেল ও আকরিক লোহার মিশ্রণে তৈরি ধাতু) উৎপাদন ও বিক্রয়ের প্রত্যাশা রয়েছে এএনটিএএমের। পাশাপাশি একই সময়ে ২৮ হাজার ১১ কেজি (৯ লাখ ৫৭৪ ট্রয় আউন্স) স্বর্ণ উত্তোলনের কথাও জানিয়েছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত এ খনি কোম্পানি। অভ্যন্তরীণ বাজারে কোম্পানি অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে স্বর্ণ উত্তোলন করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা। ২০২২ সালে ১৮ লাখ ডব্লিউএমটি বক্সাইট (অ্যালুমিনিয়াম উৎপাদনে ব্যবহূত শিলা) উৎপাদনে লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে এএনটিএএম, যা গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। ২০২১ সালে কোম্পানিটির উৎপাদিত বক্সাইটের পরিমাণ ছিল ১৬ লাখ ৭০ হাজার ডব্লিউএমটি।