নির্ধারিত রেকর্ড ডেট শেষে আগামীকাল পুনরায় লেনদেনে ফিরতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ঘোষিত নগদ লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৫ আগস্ট।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৬২ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

এদিকে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৫ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ২০ পয়সায়।