কমতির দিকে রয়েছে বৈশ্বিক অ্যালুমিনিয়ামের উৎপাদন। চলতি বছরের জুনে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন দাঁড়িয়েছে ৫২ লাখ ৪৬ হাজার টন। আগের মাসে ব্যবহারিক ধাতুটির উৎপাদনের পরিমাণ ছিল ৫৪ লাখ ৬ হাজার টন। অর্থাৎ এক মাসের ব্যবধানে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন কমেছে ১ লাখ ৬০ হাজার টন। ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের (আইএআই) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইএআইর প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম উৎপাদন করেছে চীন। দেশটি জুনে সব মিলিয়ে ২৯ লাখ ৫৬ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন করেছে, যা বিশ্বের মোট উৎপাদিত অ্যালুমিনিয়ামের অর্ধেকের বেশি। আর ব্যবহারিক ধাতুটির সবচেয়ে কম উৎপাদনকারী অঞ্চল হয়েছে দক্ষিণ আমেরিকা। অঞ্চলটি সব মিলিয়ে ৯৫ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন করেছে। এদিকে জুনে আইএআই-বহির্ভূত দেশ ও কোম্পানিগুলোর সম্মিলিত উৎপাদন ছিল ১ লাখ ৫০ হাজার টন।