কর্মীদের বেতন কাটছে ম্যাকডোনাল্ড’স করপোরেশন। ব্যবসা পুনর্গঠনের অংশ হিসেবে কিছু কর্মীর বেতন কমানো, ছাঁটাই ও অফিস বন্ধের উদ্যোগ নিয়েছে শীর্ষস্থানীয় এ খাদ্যসেবার খুচরা বিক্রেতা। বিষয়টির সঙ্গে সম্পৃক্তদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। খবর রয়টার্স। 

ম্যাকডোনাল্ড’স সম্প্রতি কয়েকশ করপোরেট কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা গ্রহণ করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় ফাস্ট ফুড রেস্টুরেন্ট চেইন ম্যাকডোনাল্ড’স কিছু কর্মীকে পদবি, বোনাস ও ইকুইটি অনুদানের মতো সুবিধা পরিবর্তন সাপেক্ষে কোম্পানিতে বহাল থাকার সুযোগ দিয়েছে।

কোম্পানির শিকাগো সদর দপ্তর ও এর ফিল্ড অফিসে এবং বিপণন ও অপারেশনসহ সব বিভাগে চাকরি ছাঁটাই ও সুবিধা সীমিত করার প্রভাব যুক্তরাষ্ট্র ও এর বাইরে কর্মীদের ওপর পড়ছে। এ বিষয়ে যোগাযোগ করা হলেও ম্যাকডোনাল্ড’সের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

কোম্পানিটির করপোরেট ও অন্যান্য অফিসের পাশাপাশি মালিকানাধীন ও পরিচালিত রেস্টুরেন্টগুলোয় দেড় লাখের বেশি কর্মী রয়েছে। চলতি বছরের শুরুতে করপোরেট স্টাফিং লেভেল পর্যালোচনা, কিছু উদ্যোগ বাতিল ও পরিকল্পনা ঘোষণার কথা জানিয়েছিল ম্যাকডোনাল্ড’স।