শিল্পোৎপাদন খাতে প্রবৃদ্ধি বাড়ানো ও উন্নয়ন ত্বরান্বিত করতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে চীন। সম্প্রতি দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অন্যান্য বিভাগের সঙ্গে আলোচনা করে এসব পরিকল্পনা প্রণয়ন করেছে। খবর সিটিজিএন।

দেশটির বর্তমান পরিস্থিতির উন্নতির জন্য ভবন নির্মাণ শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ খাতে মূল্য সংযোজিত শিল্প উৎপাদন বাড়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০২৩ সালে প্রায় ৩ দশমিক ৫ শতাংশ ও ২০২৪ সালে ৪ শতাংশ। একই সঙ্গে খাতটির উচ্চপর্যায়ের উন্নতি সাধন ও সবুজায়ন উন্নয়ন প্রচেষ্টায় গুরুত্ব দেয়া হয়েছে। একইভাবে অনেকগুলো খাতের ভিত্তি ইস্পাত শিল্প ২০২৩ সালে প্রায় ৩ দশমিক ৫ শতাংশ মূল্য সংযোজিত শিল্প উৎপাদন বাড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আর ২০২৪ সালের লক্ষ্যমাত্রা ৪ শতাংশের ওপরে। 

অন্যদিকে বহু শিল্প চেইন দ্বারা বেস্টিত পেট্রোকেমিক্যাল শিল্প খাত উভয় বছরের গড় বার্ষিক বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় ৫ শতাংশ। কৌশলগত উদীয়মান খাতগুলোর উন্নয়ন ও জাতীয় প্রতিরক্ষা প্রযুক্তির জন্য অপরিহার্য অলৌহঘটিত ধাতু শিল্প সবচেয়ে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০২৩ সালে এ খাতে মূল্য সংযোজিত শিল্প উৎপাদন বাড়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। ২০২৪ সালে যার পরিমাণ আরো বেশি। এসব শিল্প একটি দেশের জাতীয় অর্থনীতির ভিত্তি। ফলে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য খাতগুলোয় স্থিতিশীল প্রবৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।