নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর পূর্ববর্তী ধাপ হলো ফিক্স সার্টিফিকেশন। ওএমএস গ্রহণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে তিনটি প্রতিষ্ঠান ইউজার এক্সিস্ট্যান্স টেস্টিং কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। প্রতিষ্ঠান তিনটি হলো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, এনবিএল  সিকিউরিটিজ  লিমিটেড  ও  সেবা ক্যাপিটাল লিমিটেড। এর মধ্যে ব্র্যাক ইপিএল ১৩ ও ১৪ জুন, এনবিএল সিকিউরিটিজ ১১ ও ১৫ জুন এবং সেবা ক্যাপিটাল ২৪ জানুয়ারি ফিক্স সার্টিফিকেশনের জন্য টেস্ট কেসের কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। এর ভিত্তিতে গতকাল প্রতিষ্ঠান তিনটিকে ফিক্স সার্টিফিকেশন দেয়া হয়েছে। ডিএসইর আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ, প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ ও সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ছামিউল ইসলাম এ সার্টিফিকেশন দেন। এ সময় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান, এনবিএল সিকিউরিটিজের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. শাহাদাত হোসেন এবং সেবা ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খাদেমুল ইসলাম আল আজাদ ও ভেন্ডর প্রতিনিধি এনবিএল সিকিউরিটিজের কনসালট্যান্ট নিজাম উদ্দিন আহমেদসহ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি