রাশিয়ার নতুন নাম ও মালিকানায় গতকাল নতুন করে কার্যক্রম শুরু করেছে ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস। তিন দশক ব্যবসার পর সম্প্রতি স্থায়ীভাবে রাশিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিল তারা। কুচনাহি-তচকা নামে নতুন মালিকের নেতৃত্বে গতকাল খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ফাস্ট ফুড চেইনটি। খবর রয়টার্স।

রুশ শব্দ যুগল কুচনাহি-তচকার অর্থ দাঁড়ায় ‘ব্যস সুস্বাদু’। প্রতিষ্ঠানটি গতকাল জানায়, মস্কোর পুশকিন স্কয়ারসহ নতুন নামে ম্যাকডোনাল্ডসের ১৫টি চেইন শপ চালু হতে যাচ্ছে। আজ আরো ৫০টি রেস্টুরেন্ট চালু হবে।

১৯৯০ সালের জানুয়ারিতে এ পুশকিন স্কয়ারেই ম্যাকডোনাল্ডস প্রথম তাদের কার্যক্রম শুরু করেছিল। তত্কালীন সোভিয়েত ইউনিয়ন পশ্চিমা ব্র্যান্ডগুলোর জন্য ব্যবসার সুযোগ করে দিলে মস্কোয় প্রথম রেস্তোরাঁ খোলে ম্যাকডোনাল্ডস। পরে ধীরে ধীরে পুরো রাশিয়ায় ব্যবসা সম্প্রসারণ করে তারা।

কিন্তু গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশটিতে ব্যবসা গুটিয়ে নেয়ার উদ্যোগ নেয় ম্যাকডোনাল্ডস। এ ধারাবাহিকতায় গত মার্চে ম্যাকডোনাল্ডস দেশটিতে ৮৫০টি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে। এরপর মে মাসে রেস্তোরাঁগুলো স্থায়ীভাবে বন্ধ করা হয়।

গত মাসে ম্যাকডোনাল্ডসের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট ‘মানবিক সংকট’ ও ‘ব্যবসা পরিচালনার অপ্রত্যাশিত পরিবেশের’ কারণে তারা স্থায়ীভাবে রাশিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় লাইসেন্সধারী আলেক্সান্ডার গভরের কাছে রাশিয়ার রেস্তোরাঁগুলো বিক্রি করে দেয়।

তবে ম্যাকডোনাল্ডসের রেস্তোরাঁগুলো কিনতে আলেক্সান্ডার গভরকে কী পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে, সেটা নিয়ে নিশ্চিত কিছু দুই পক্ষের কেউই জানায়নি। অনেকেই ফার্মটির কর্তৃত্ব নিতে চেয়েছিলেন বলে জানা গেছে।