সরবরাহ সংকটে শীর্ষ রফতানিকারক ভারতসহ অনেক দেশেই লাগামহীন হয়ে উঠেছে মসলাপণ্য পেঁয়াজের দাম। ফিলিপাইনেও মসলাপণ্যটির সংকটে চাঙ্গা বাজার। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে দেশটি। চলতি মাস থেকে শুরু করে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ৩৫ হাজার টন পেঁয়াজ আমদানি করবে বলে জানিয়েছে ফিলিপাইনের কৃষি বিভাগ (ডিএ)। খবর ফিল স্ট্যার ও জিএমএ নিউজ।
সম্প্রতি ফিলিপাইনের কৃষি সচিব উইলিয়াম দার জানান, নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে আসতে আরো দুই মাস সময় লাগবে। যে কারণে এ সময়ের মধ্যে অভ্যন্তরীণ চাহিদা মোকাবেলায় চীনসহ অন্যান্য দেশ থেকে লাল রঙের পেঁয়াজ আমদানির এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কৃষি সচিব বলেন, আমদানীকৃত এ পেঁয়াজ শুধু ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বাজারে থাকবে, যাতে মার্চ মাসে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসার সময় কৃষক লোকসানের মুখে না পড়েন এবং বাজার নিয়ন্ত্রণে থাকে।
তথ্য অনুযায়ী, চলতি বছর ফিলিপাইনে প্রায় ২ লাখ ৮ হাজার ৪৪৮ টন পেঁয়াজ উৎপাদন হতে পারে।
ফলে বছরজুড়ে বাজারে মসলাপণ্যটির পর্যাপ্ত সরবরাহ থাকবে বলে ভোক্তাদের আশ্বস্ত করেছেন কৃষি সচিব উইলিয়াম দার।
গত বছর ফিলিপাইনে এ-যাবত্কালের সর্বনিম্ন পেঁয়াজ উৎপাদন হয়েছে। যার প্রভাব পড়ে অভ্যন্তরীণ বাজারে। সরবরাহ সংকটে লাগামহীনভাবে বৃদ্ধি পায় দাম। সম্প্রতি দেশটির বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৮০ থেকে ২৮০ পেসোর (স্থানীয় মুদ্রা) মধ্যে ওঠানামা করে।









