দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে। ভরিতে বাড়ানো হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। ফলে দেশের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৪৬৪ টাকায়। যা এতদিন ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণের স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এ কারণে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সারাদেশে আগামীকাল রোববার থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণ ৭ হাজার ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৪৬৪ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ প্রতিগ্রাম ৬ হাজার ৭৫০ টাকা। আর এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে ৭৮ হাজার ৭৩২ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের প্রতিগ্রাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৯০ টাকা। আর এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে ৬৭ হাজার ৫৩৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রামের দাম ৪ হাজার ৮২০ টাকা। আর এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে ৫৬ হাজার ২২০ টাকা।
উল্লেখ্য ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি।










