যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের (ফেড) আগামী মাসে সুদহার কমানো নিয়ে রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। আবার চলতি বছরের পুরো সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের কোম্পানিগুলোর শেয়ারদরে ব্যাপক উল্লম্ফনও বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের দ্বিধা তৈরি করেছে। এসব কোম্পানি বাজারে অতিমূল্যায়িত বলে আশঙ্কা করছেন তাদের অনেকেই। পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলেছে অনেক দেশের অর্থনৈতিক বিভিন্ন সূচকের পারফরম্যান্স থেকে পাওয়া নানামুখী ইঙ্গিত। এ অবস্থায় বছরের শেষ দিকে এসে বাজার নিয়ে এক প্রকার সতর্ক অবস্থান বজায় রেখেছেন বিনিয়োগকারীরা। ফলে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ারবাজারগুলোর প্রধান প্রধান সূচক গত সপ্তাহ শেষ করেছে মিশ্রপ্রবণতায়। শুক্রবার সাপ্তাহিক লেনদেনের শেষ দিনে প্রায় প্রতিটি বাজারেই দিনভর ওঠানামার মধ্যে ছিল এসব সূচক। ফলে দিনশেষে এসব সূচকের হ্রাস-বৃদ্ধির হারও ছিল খুবই সামান্য। খবর এপি ও রয়টার্স।

এশিয়া-প্যাসিফিকের বৃহৎ সূচকগুলোর মধ্যে এদিন চীনের মূল ভূখণ্ডের সাংহাই কম্পোজিট সূচক বেড়েছে দশমিক ৩৪ শতাংশ। হংকংয়ের বাজারে হ্যাং সেং সূচক কমেছে দশমিক ৩৪ শতাংশ। দশমিক ১৭ শতাংশ বেড়েছে জাপানের নিক্কেই ২২৫ সূচক। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক কমেছে ১ দশমিক ৫১ শতাংশ। থাইল্যান্ডের এসইটি সূচক বেড়েছে দশমিক ৩২ শতাংশ। আবার মালয়েশিয়ার এফটিএসই বুরসা মালয়েশিয়া ইনডেক্সে পতন হয়েছে দশমিক ৮ শতাংশ। আর অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি এএসএক্স সূচক বেড়েছে দশমিক শূন্য ৮ শতাংশ।

এছাড়া এদিন মুম্বাইয়ের বিএসই সেনসেক্স সূচক কমেছে দশমিক শূন্য ২ শতাংশ। আর করাচির কেএসই ১০০ সূচক বেড়েছে দশমিক ৭৯ শতাংশ।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, নভেম্বরের মাঝামাঝিতে ওয়াল স্ট্রিটের সূচকগুলো নিম্নমুখী হয়ে ওঠে। এআই খাতের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর অতিমূল্যায়ন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা দেখা যায়। এ অবস্থায় তাদের মধ্যে দেখা দেয় দ্রুত মুনাফা তুলে নেয়ার (প্রফিট টেকিং) প্রবণতা। ফলে বিক্রয় চাপ বেড়ে নিম্নমুখী হয়ে ওঠে বাজার।

এসব কোম্পানির শেয়ারের অতিমূল্যায়ন নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে। বাজারে চলতি শতকের শুরুর দিকে ঘটে যাওয়া ডটকম বাবল বিপর্যয়ের পুনরাবৃত্তি এড়াতে শেয়ার কেনাবেচায় এখন বেশ সতর্কতা অবলম্বন করছেন বিনিয়োগকারীরা। ফলে বাজারের গতি অনেকটাই স্থবির হয়ে পড়েছে। ওয়াল স্ট্রিটে শুরু হওয়া এ প্রবণতা এখন এশিয়ার শেয়ারবাজারেও সঞ্চারিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাপ্তাহিক লেনদেনের শেষ দিন শুক্রবার ঊর্ধ্বমুখী ধারায় থেকে স্থির হয় ওয়াল স্ট্রিটের প্রধান তিন সূচক। এদিন এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে দশমিক ৫ শতাংশ। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক বেড়েছে দশমিক ৬ শতাংশ বা ২৮৯ পয়েন্ট। আর নাসডাক কম্পোজিট সূচক বেড়েছে দশমিক ৭ শতাংশ।

চলতি নভেম্বরের মাঝামাঝি সময়ে এআই ও প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শেয়ারদর পড়তে শুরু করে। এর মধ্যে মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়ার শেয়ারদর একদিনে কমেছে প্রায় ২ শতাংশ। নভেম্বরজুড়ে কোম্পানিটির শেয়ারদরে পতনের হার দাঁড়িয়েছে দুই অংকে।

একই সময়ে ওরাকল ও প্যালান্টিরের শেয়ারদর কমেছে যথাক্রমে ২৩ ও ১৬ শতাংশ। যদিও গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের শেয়ারদর বেড়েছে প্রায় ১৪ শতাংশ। এক্ষেত্রে ভূমিকা রেখেছে কোম্পানিটির নতুন জেমিনি এআই মডেলে বিনিয়োগকারীদের আগ্রহ।

বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি খাতের বড় বড় কোম্পানির শেয়ারদরে এ ওঠানামা বৈশ্বিক পুঁজিবাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। তবে নভেম্বরের শেষদিকে শেয়ারবাজার আবার ঘুরে দাঁড়ায়। বিনিয়োগকারীরা আশা করছেন আগামী ১০ ডিসেম্বরের বৈঠকে ফেড সুদহার কমাতে পারে।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরে ফেডের সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা দাঁড়িয়েছে প্রায় ৮৭ শতাংশে। তবে নীতিনির্ধারকদের মধ্যে মতপার্থক্যও স্পষ্ট। দেশটিতে মূল্যস্ফীতি এখনো ফেডের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে। সে কারণে কিছু কর্মকর্তা মনে করছেন অতিমাত্রায় সুদহার হ্রাস মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটাতে পারে।

এশিয়ার দেশগুলোয় প্রকাশিত সাম্প্রতিক অর্থনৈতিক পরিসংখ্যান এখানকার বাজারে প্রভাব ফেলছে। জাপানে অক্টোবরে নতুন বাড়ি নির্মাণের সংখ্যা আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে। এতে নিক্কেই ২২৫ সূচকে সামান্য উত্থান দেখা যায়। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় গত মাসে শিল্পোৎপাদন কমেছে ৪ শতাংশ। এ তথ্যের প্রভাবে কসপি সূচকে পতন দেখা যায়।

চীনের বাজারেও সপ্তাহজুড়ে লেনদেনে বিনিয়োগকারীদের মধ্যে বিরাজমান অনিশ্চয়তার প্রভাব দেখা গেছে।