বিশ্বের সবচেয়ে উঁচু সেতুটির নাম মিলাউ ভায়াডাক্ট, এর অবস্থান ফ্রান্সে। স্থাপত্য ও প্রকৌশলের মেলবন্ধনে নিঃসন্দেহে এটি বিশ্বের অন্যতম সুন্দর সেতু, যেখানে গুরুত্ব পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও এর সঙ্গে মানানসই বাহুল্যহীন নকশা। উচ্চতার কারণে প্রায়ই কুয়াশাচ্ছন্ন থাকা পরিবেশ মেঘের ভেতর উড়ে যাওয়ার অনুভূতি দেয় ভ্রমণকারীদের। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় টার্ন উপত্যকার ওপর দিয়ে উড়াল দিয়েছে ২ হাজার ৪৬০ মিটার দীর্ঘ ও ৩৩৬ দশমিক ৪ মিটার উচ্চতার সেতুটি, যা কিনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেও স্পষ্টভাবে দেখা যায়। যোগাযোগ ব্যবস্থায় স্বাচ্ছন্দ্যের পাশাপাশি পর্যটনকে গুরুত্ব দিয়ে মিলাউ ভায়াডাক্টের নির্মাণ শুরু হয় ২০০১ সালে এবং শেষ হয় ২০০৪ সালে। এতে ব্যয় হয়েছে ৪০ কোটি ইউরো। অবশ্য সেতুটির পরিকল্পনায় দীর্ঘ সময় ব্যয় হয়েছে, প্রায় দুই দশক। এ দীর্ঘ পরিকল্পনার ছাপ মিলাউ ভায়াডাক্টের নির্মাণে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এ ধরনের বিখ্যাত সেতুগুলোয় দেখা যায় একই উচ্চতায় দুটি বিন্দুকে যুক্ত করা হয়েছে। কিন্তু টার্ন উপত্যকায় উঁচুনিচু অংশের জন্য এতে ৭৮-২৪৫ মিটার উঁচু সাতটি পিলার ব্যবহার করা হয়েছে। প্রতিটি পিলারের মাঝে ৩৪২ মিটার দৈর্ঘ্যের স্প্যান রয়েছে। অর্থাৎ দুই পিলারের মাঝে অনায়াসে আইফেল টাওয়ার এঁটে যাবে। মিশেল ভারলোগেক্সের নকশায় প্রতিটি পিলারের ওপর ৮৭ মিটারের স্টিলের পাইলনের মাধ্যমে ১১টি কেবলের সাহায্যে স্প্যান ঝোলানো হয়েছে। ১৪ ফুট প্রশস্তের সংযোগ সড়কসহ পুরো সেতুর ওজন ৩৬ হাজার টন। ক্লারমন্ট-ফেরান্ড ও বেজিয়ার্সকে সংযুক্ত করে মিলাউ ভায়াডাক্ট ফ্রান্সে ভ্রমণের সময় অনেকটাই কমিয়ে দিয়েছে। আগামী ডিসেম্বরে দুই দশক পূর্ণ করতে যাচ্ছে এ সেতু। স্থাপত্যবিদদের মতে, সেতুটি এখনো যথেষ্ট ভালো অবস্থায়ই আছে। প্রতি বছর সেতুটির কারণে ৪০ হাজার টন কার্বন কম নিঃসরণ হয়। খবর ও ছবি সিএনএন
দুই দশক পূর্ণ করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু
বিশ্বের সবচেয়ে উঁচু সেতুটির নাম মিলাউ ভায়াডাক্ট, এর অবস্থান ফ্রান্সে। স্থাপত্য ও প্রকৌশলের মেলবন্ধনে নিঃসন্দেহে এটি বিশ্বের অন্যতম সুন্দর সেতু, যেখানে গুরুত্ব পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও এর সঙ্গে মানানসই বাহুল্যহীন নকশা।










