চীনের বার্ষিক মূল্যস্ফীতির হার বেড়েছে। গত জানুয়ারিতে তা আগের মাসের তুলনায় বেড়েছে ২ দশমিক ১ শতাংশ। বাজার সম্পর্কে যে পূর্বাভাস দেয়া হয়েছিল, মূল্যস্ফীতির এ হার তার চেয়ে কিছুটা কম। দেশটির জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সি।
ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস অব চায়না জানিয়েছে, জানুয়ারির এ মূল্যস্ফীতির হার সবশেষ তিন মাসের মধ্যে সর্বোচ্চ। ডিসেম্বরে এ হার ছিল ১ দশমিক ৮ শতাংশ।
এ সময়ের মধ্যে কোর ভোক্তামূল্য বেড়েছে গত বছরের তুলনায় ১ শতাংশ। এর মধ্যে ডিসেম্বরেই বেড়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। এখানে উল্লেখ্য যে কোর ভোক্তামূল্যে খাদ্য ও জ্বালানির দাম হিসাব করা হয় না।
মাসের হিসেবে জানুয়ারিতে ভোক্তামূল্য বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ, যা ২০২১ সালের জানুয়ারির পর সর্বোচ্চ বৃদ্ধি।










