ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথওয়ে ইনকরপোরেটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকে লোকসান করেছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্কশায়ার হ্যাথওয়ে। অ্যাপল ও বাফেটের মালিকানাধীন অন্যান্য শেয়ারের দাম কমায় এ লোকসান গুনেছে প্রতিষ্ঠানটি। তবে বীমা খাতে ইতিবাচক প্রবৃদ্ধিতে ভর করে রেকর্ড মুনাফা এসেছে। খবর রয়টার্স।

উচ্চ সুদহারের কারণে বার্কশায়ারের বিপুল পরিমাণ ইউএস ট্রেজারি বিল হোল্ডিংয়ে ৫ শতাংশের ওপর মুনাফা এসেছে। পাশাপাশি গাড়ি দুর্ঘটনা কম হওয়া এবং আটলান্টিকে হ্যারিকেন হানা না দেয়ায় জিকো গাড়ি বীমা ও রিইন্স্যুরেন্স ব্যবসায় ভালো আয় করেছে।

বীমায় ভালো আয় সত্ত্বেও বার্কশায়ার তার স্টক ও বাজার পরিবেশ নিয়ে সতর্কতা জারি করেছে। নেব্রাস্কাভিত্তিক কংগ্লোমারেট ওমাহার তৃতীয় প্রান্তিকে নগদ অর্থ বেড়েছে রেকর্ড ১৫ হাজার ৭২০ কোটি ডলারে। এ সময় বার্কশায়ার ৫৩০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছে এবং নতুন করে শেয়ার ক্রয় সীমিত করেছে। মাত্র ১১০ কোটি ডলারের শেয়ার পুনঃক্রয় করেছে।

বার্কশায়ার গ্রাহকদের মধ্যেও সতর্কতার লক্ষণ দেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কোম্পানিটি বলছে, তাদের বিএনএসএফ রেলপথ কম ভোগ্যপণ্য বহন করেছে। ক্রেতা কম থাকায় রিয়েল এস্টেট ব্রোকারেজ এবং ক্লেটন হোমস ইউনিটও ক্ষতির মুখে পড়েছে। এ সময় ফরেস্ট রিভার আরভি ও ফ্রুট অব দ্য লুমের মতো ইউনিটের পোশাক বিক্রির পরিমাণও কমে গেছে।

বছরখানেক আগে বার্কশায়ার খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান জাযওয়ারেস অধিগ্রহণ করেছিল। স্কুইশম্যালো প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির আয়ের কারণে অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ কিছুটা কমেছে। তৃতীয় প্রান্তিকে জাযওয়ারেস ৪৬ কোটি ৯০ লাখ ডলার আয় করেছে।