পণ্য উত্পাদনের কাজে ব্যবহৃত কাঁচামালের মজুদ সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত
নিয়েছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ সোমবার (১২ ডিসেম্বর) এ তথ্য
জানিয়েছে পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানিটি।
ময়মনসিংহের ভালুকায় অবস্থিত কোম্পানির ফিড মিল বিভাগে স্বয়ংক্রিয় লোডিং এবং
আনলোডিং সুবিধাবিশিষ্ট ৮ হাজার মেট্রিক টন সক্ষমতার দুটি মজুদাগার স্থাপনের
সিদ্ধান্ত নিয়েছে ইনডেক্স এগ্রোর। এ জন্য ব্যয় ধরা হয়েছে আনুমানিক ১৪ কোটি টাকা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি
২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেযারপ্রতি
আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৩
পয়সা। উল্লিখিত সময়ে ইপিএস কমার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, বিশ্বব্যাপী
কাঁচামালের ব্যয় বৃদ্ধির কারণে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে তাদের উত্পাদন
খরচ অনেক বেড়েছে। মূলত এ জন্যই তাদের ইপিএস হ্রাস পেয়েছে। এ বছরের ৩০ সেপ্টেম্বর
শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ১১
পয়সায়।
সর্বশেষ ৩০ জুন শেষ হওয়া ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ
নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইনডেক্স এগ্রোর পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব
বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২১ ডিসেম্বর বেলা
১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত
রেকর্ড ডেট ছিল ১৪ নভেম্বর।
২০২১-২২ হিসাব বছরে ইনডেক্স এগ্রোর ইপিএস হয়েছে ৫ টাকা ৯ পয়সা। আগের হিসাব
বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৬৩ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস
দাঁড়িয়েছে ৬২ টাকা ৯৩ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৮ টাকা ২৭ পয়সায়।










