চলতি বছর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ হাজার ডলারে উন্নীত হতে পারে, যা রেকর্ড সর্বোচ্চ। যুক্তরাষ্ট্র বর্তমানে সুদের হার বাড়ানোর গতি কমিয়ে এনেছে। এ কারণেই ঊর্ধ্বমুখী হয়ে উঠছে মূল্যবান ধাতুটির বাজার। সর্বশেষ বৈঠকে ফেডারেল রিজার্ভ ৭৫ বেসিস পয়েন্টের বিপরীতে ২৫ বেসিস পয়েন্টে সুদের হার বাড়িয়েছে। ধীরে ধীরে সুদের হার বৃদ্ধি বন্ধ করে দেয়া হবে। শিল্প খাতের বিশ্লেষকরা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটা জানিয়েছেন।

স্পট মার্কেটে চলতি সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ১ হাজার ৯০০ ডলার ছাড়িয়েছে। গত বছরের নভেম্বরের শুরুর দিকের তুলনায় দাম বেড়েছে প্রায় ১৮ শতাংশ। মূল্যস্ফীতির চাপ কমে আসার পাশাপাশি ফেডারেল রিজার্ভের আগ্রাসী মুদ্রানীতি শিথিল করার প্রত্যাশায় বাজারদরে এমন উল্লম্ফন দেখা দেয়।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির কারণে গত বছরের মার্চে স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ হাজার ১০০ ডলার ছাড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দ্রুত ও রেকর্ড মাত্রায় সুদের হার বৃদ্ধি করে ফেডারেল রিজার্ভ। ফলে স্বর্ণের বাজারে ধস নামে। সেপ্টেম্বরে সর্বনিম্ন আউন্সপ্রতি ১ হাজার ৬১৩ ডলার ৬০ সেন্টে নামে ধাতুটির দাম। ঊর্ধ্বমুখী সুদহারের কারণে বন্ডে বিনিয়োগ বেড়ে যায়। বিপরীতে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণ হারায় স্বর্ণ।